মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ নিহত ৪ 

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ২০:৪২

গোপালগঞ্জের মুকসুদপুরের ডোমরাকান্দি এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী সহোদর দুই ভাইসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৯ জন। 

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়নের ডোমরাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি লাম মীম হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে অভারটেক করতে যায়। এ সময় অপর দিক বরইতলা থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি যাত্রীবাহী ইজিবাইক ওই দুই গাড়ির মাঝে চাপা পড়ে। এতে ইজিবাইকে থাকা যাত্রী আপন দুই ভাই ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগায় সামনের এবং জানালার কাচ ভেঙে বেশ কিছু যাত্রী আহত হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালায়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইক যাত্রী ইয়ার আলী ও চালক হাসান শেখ মারা যান। 

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ পরিবারের আবেদনের ভিত্তিতে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসএ