যতদিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত সকল এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্য শিক্ষার্থীদের মুক্তি দেওয়া না হবে ততদিন পর্যন্ত ফরিদপুরের প্রথম সারির সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী চলমান ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে। এ ধরনের একাধিক ঘোষণা বিবৃতি আকারে পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ কলেজগুলো হলো- ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর সিটি কলেজ, ফরিদপুর মুসলিম মিশন কলেজ, চরভদ্রাসন সরকারি কলেজ ও ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট।
ফেসবুকে ‘স্পষ্ট বিবৃতি’ দিয়ে এ কথা জানিয়েছে ওইসব কলেজের সাধারণ এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ। গতকাল বুধবার দিবাগত রাতে ও আজ বৃহস্পতিবার ওই সাতটি কলেজের সাধারণ এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ ফেসবুকে এ বিবৃতি প্রচার করে।
বিবৃতিতে বলা হয়, ফরিদপুরের ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে, যতদিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত সকল এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্য শিক্ষার্থীদের মুক্তি দেওয়া না হবে, ততদিন পর্যন্ত কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না।
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ১ হাজার ৯১৫ জন, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে ১ হাজার ৪৩২, ইয়াছিন কলেজ থেকে ১ হাজার ৮৯১ জন ও ফরিদপুর সিটি কলেজ থেকে ৫৬৩ জনসহ চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়া বাকি তিনটি কলেজের মোট কতজন পরীক্ষার্থী রয়েছেন তা জানা যায়নি।
সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ ফজলুর হক খান জানান, এইচএসসি পরীক্ষার্থীদের এ জাতীয় একটি বিবৃতির কথা তিনি জানতে পেরেছেন। যদিও আজ বৃহস্পতিবার এক ঘোষণা দিয়ে ‘অনিবার্য কারণবশত’ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষবোর্ড চলমান এইসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।
সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ রমা সাহা বলেন, বিষয়টি আমার জানা নেই। এছাড়া কোনো ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে লিখিত আকারেও বিষয়টি আমাকে জানানো হয়নি। তবে এভাবে পরীক্ষা বন্ধ হওয়ার প্রশ্নই আসে না!
