খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও বিজিবির ধাওয়া-পাল্টাধাওয়ার চলছে।
শুক্রবার (২ আগস্ট) দুপুর ৩টায় মিছিল নিয়ে শিক্ষার্থীরা গল্লামারী পৌঁছালে জিরো পয়েন্টের দিক থেকে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের আশপাশের গল্লামারী, জিরো পয়েন্ট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
জানা গেছে, দুপুরে জুমার নামাজের পর আন্দোলনকারীরা খুলনার শিববাড়ী মোড়ে সমবেত হন। সেখান থেকে মিছিল নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হন তারা। জিরো পয়েন্টে যাওয়ার আগে তারা পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে বিপুলসংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হটে। এ সময় শিক্ষার্থীরা জিরো পয়েন্টে অবস্থান নেন। সেখানে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া নিয়ে বিকেল ৪টার দিকে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। বর্তমানে জিরো পয়েন্ট মোড় দখলে রেখেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে রূপসা সেতু বাইপাসের দুই পাশে রয়েছে পুলিশ। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।
এর আগে নগরীর শিববাড়ী মোড় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে গল্লামারী যাওয়ার পথে সোনাডাঙ্গা থানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় দিকে রওনা দেয়। শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সঙ্গে ধাওয়া-ধাওয়া পাল্টার ঘটনা ঘটে। তখন পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
শিক্ষার্থীরা জানায়, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে বাধা ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।
