রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী লোকাল বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় অন্তত ৫ জন।
শুক্রবার (২ আগস্ট) সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা বিএম নাজিম উদ্দিন (৫০) ও কুষ্টিয়ার মহদিপুর গ্রামের ইমারুল ইসলামের ছেলে ট্রাকের হেলপার সাকিব ইসলাম (১৮)। নিহত এক বাসযাত্রীর পরিচয় মেলেনি।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলী জানান, কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী একটি লোকাল বাস রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে কুষ্টিয়াগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়।
রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ট্রাক চালক সালাম(৩০) চিকিৎসাধীন রয়েছে। অন্য দুই বাসযাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
