পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী। শনিবার একইসময়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের দুটি কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, আজ শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে সাহেববাজার জিরোপয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করবে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন।
অন্যদিকে আজ বেলা ১১টায় কোটা আন্দোলনের হত্যাকারীদের বিচার ও আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মায়েদের ব্যানারে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে জাতীয়তাবাদী মহিলা দলের (বিএনপি) নেতাকর্মীরা। এই কর্মসূচির বিপরীতে একই স্থানে মহানগর আওয়ামী লীগ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বলে জানা গেছে।
এদিকে সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ গণমিছিলে হামলা, খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রুয়েট গেটে বিক্ষোভের ডাক দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের দুই সমন্বয়ক গোলাম কিবরিয়া ও মোহাম্মদ মেশকাত চৌধুরী এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেছেন। বিবৃতিতে বলা হয়, 'শনিবার বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।'
