সাভারের আশুলিয়ায় ১২ বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রিকশাচালক মোঃ মনোয়ার মন্ডলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ধর্ষণের ঘটনায় শিশুটির মা আশুলিয়া থানায় মামলা দায়ের করলে ওই রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মনোয়ার মন্ডল চুয়াডাঙ্গা জেলার সদর থানার খেজুরিয়া ডিঙ্গিদাহ গ্রামের মৃত টেনু মন্ডলের ছেলে। সে আশুলিয়ার জিরাব পুকুর পার এলাকার ফরহাদের বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাত।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিজন কুমার বলেন, ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী ওই শিশুটি গার্মেন্টকর্মী মা ও তার পরিবারের সঙ্গে আশুলিয়ার জিরাবো এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। প্রতিদিনের মতো সোমবার সকালে মেয়েকে বাসায় রেখে গার্মেন্টে চলে যায় মা রেশমা বেগম। এই সুযোগে প্রতিবেশী রিকশাচালক মনোয়ার মন্ডল ওই শিশুটির কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণ করে।
এ সময় শিশুটির চিৎকারে পাশের বাসার ভাড়াটিয়ারা বের হয়ে এলে ধর্ষক মনোয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রাতে শিশুটির মা বাসায় এসে বিষয়টি জানতে পেরে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই আশুলিয়ার জিরাবো পুকুরপাড়া এলাকা থেকে ধর্ষক মনোয়ার মন্ডলকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: এনায়েতপুরে যৌতুকলোভী স্বামীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে গৃহবধূ
তিনি আরও বলেন, ‘শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মনোয়ার মন্ডল ধর্ষণের কথা শিকার করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’
ইত্তেফাক/নূহু
