রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা।
শনিবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বিক্ষোভকারীরা সেখানে জড়ো হতে শুরু করেন বলে জানা যায়। পরে দুপুর ১টার দিকে গোলচত্বরে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্রে করে সহিংসতায় নিহতদের স্মরণ করে 'আমার ভাই মরল কেন'সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
জানা যায়, শুরুতে সংখ্যায় কম থাকলেও পরে সেখানে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকে। হাজারো বিক্ষোভকারী সেখানে ৯ দফা দাবিসহ বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। স্লোগানে প্রকম্পিত হচ্ছে মিরপুর ১০।
আন্দোলনকারীদের থেকে কয়েক মিটার দূরে মিরপুর-২ এর দিকে পুলিশ অবস্থান নেয়। পরে মিরপুর মডেল থানার ডিসি, এডিসি, ওসিসহ অনান্য পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীদের কাছে ডেকে কথা বলেন। তারা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে অবস্থান নিতে বলেন। কোনো বহিরাগত এসে যেন কোনো ধরনের সহিংসতা করতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে বলেন।
