কুষ্টিয়া কারাগার থেকে পালিয়েছে ১০৪ বন্দী

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ২১:১২

কুষ্টিয়া জেলা কারাগারের গেট ভেঙে ১০৪ বন্দীর পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালিয়েছে কারারক্ষীরা। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে কারাগারের নিয়ন্ত্রণ নেয়।

কুষ্টিয়ার জেল সুপার আ. বারেক গণমাধ্যমকে বলেন, দুপুর হঠাৎ কারাগারের ভেতর থেকে চিৎকার ও অভ্যন্তরীণ গেটে আঘাতের শব্দ শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি অন্তত তিনশ বন্দী সংঘবদ্ধ হয়ে ভেতর থেকে একসঙ্গে গেটে ধাক্কা দিচ্ছে। এতে গেটের হেজবোল্ড ভেঙে যায়। তারা পালানোর চেষ্টা করলে কারারক্ষীরা ফাঁকাগুলি চালায়।

তিনি আরও বলেন, এ সময় তারা ছত্রভঙ্গ হয়ে জেলে ঢুকে গেলেও সুযোগ বুঝে বেশ কজন বন্দী পালিয়ে গেছে। তাদের ঠেকাতে গিয়ে ৫ জন কারারক্ষী আহত হয়েছেন। 

কুষ্টিয়া ক্যাম্পের দায়িত্বে থাকা অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম শিকদার বলেন, কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। 

ইত্তেফাক/জেডএইচডি