প্রেস ব্রিফিংয়ে ড. ইউনূস

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা ফিরিয়ে আনতে হবে

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৫:২০

আইন-শৃংখলার রক্ষাকারী বাহিনীর ওপর জনগণের আস্থা ফেরাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিশৃংখলা অগ্রগতির বড় শত্রু। যারা এমন করছে, তাদের বুঝাতে হবে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আইন-শৃংখলার রক্ষাকারী বাহিনীর ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। আজ বৃহস্পতিবার দেশে ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

সাম্প্রতিক সহিংসতা নিয়ে তিনি বলেন, এগুলা ষড়যন্ত্রের অংশ। আমাদের প্রধান কাজ আমাদের অর্জিত স্বাধীনতা রক্ষা করা। এ দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এখন এই স্বাধীনতা রক্ষা করতে হবে।

ড. ইউনূস বলেন, যে তরুণ সমাজ এটা সম্ভব করেছে। তারা এ দেশকে রক্ষা করেছে, পুনজন্ম দিয়েছে, যেন দেশ দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে। তিনি আরও বলে, এ স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। এর সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ড. মোহাম্মদ ইউনুস। ছবি: আব্দুল গনি

সরকারের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, এখন সবার মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব সরিয়ে ফেলতে হবে। যারা বিপথে গিয়েছেন তাদেরও বুঝিয়ে ফিরিয়ে আনতে হবে।

দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কাছে আমার আবেদন, আপনারা যদি আমার ওপর আস্থা রাখেন, তাহলে আমাকে নিশ্চিত করেন আমার কথা শুনতে হবে। কারো ওপর হামলা হবে না। যদি আমার কথা না শুনেন, তাহলে এখানে আমার কোনো প্রয়োজনীয়তা নেই। তাই আমাকে প্রয়োজন মনে করলে আমার কথা শুনতে হবে। 

ইত্তেফাক/জেডএইচ/এআই