রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) থেকে লুটপাট হওয়া জিনিসপত্র স্বপ্রণোদিত হয়ে ফেরত নিয়ে আসছেন অনেকে। বুধবার (৭ আগস্ট) সন্ধ্যা থেকে এসব মালামাল ফেরত আসার খবর পাওয়া গেছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে জিনিসপত্র লুটপাট করা হয়। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং আওয়ামীপন্থী ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন-আইডিইবির রাজশাহী জেলা কার্যালয় থেকে লুট হওয়া মালামালের কিছু অংশ ফেরত আসার কথা জানা গেছে। ফিরিয়ে দেওয়া মালামালের মধ্যে কম্পিউটার সামগ্রী, অফিস আসবাবপত্র, ফ্যান, এসি, চেয়ার ও সোফা রয়েছে।
রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু গণমাধ্যমকে বলেন, ফেসবুকে আহ্বান জানানো হয় যেন লুট হওয়া মালামাল ফেরত দেওয়া হয়। কারণ, এটি নাগরিক সেবা দেওয়ার অফিস। সব কাজ থমকে গেছে। এরপর কিছু কম্পিউটার ও চেয়ার-টেবিল ফেরত এসেছে। স্বেচ্ছাসেবীরাও পাড়া-মহল্লায় গিয়ে জিনিসপত্র ফেরত দেওয়ার মাইকিং করছেন। এ ছাড়া সিটি করপোরেশনের ভ্যানেও কেউ কেউ কিছু মালামাল তুলে দিচ্ছেন। তবে এ পর্যন্ত ফেরত পাওয়া মালামাল লুটের তুলনায় সামান্য।
রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, পুলিশ দ্রুত দায়িত্বে ফিরবে। নতুন সরকারও কাজ শুরু করবে। আমরা আশা করছি, কাল থেকেই রাজশাহীর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে যাবে।

