চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে উপজেলার পীরপুর হাট চাতাল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল হোসেন (১৪) পীরপুর এলাকার মজিদুল ইসলামের ছেলে ও পীরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
মৃতের বাবা-মা জানান, বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় ইসমাইল বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসায় রাতে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাইনি। পরেরদিন সকালে মৃতের বাবা পার্শ্ববর্তী পীরপুর হাট চাতালে ছেলের মাথায় আঘাতের চিহ্ন ও ডান চোখ উপড়ানো অবস্থায় নিহত দেখতে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গ্রাম পুলিশ সদস্যরা মরদেহটি থানায় নিয়ে আসেন।
নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, বুধবার রাত সাড়ে ৮টা থেকে ইসমাইল নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালে পীরপুর হাট চাতাল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মামলা প্রক্রিয়াধীন ও তদন্ত পূর্বক আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লাশটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
