ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ককটেলসহ টিসিবির পণ্য জব্দ

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ২২:১২

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ খাঁনের বাড়ি থেকে ককটেল, সরকারি কম্বল, বিজিডির চাল, এবং টিসিবির চাল, ডাল, তেল ও চিনি জব্দ করা হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি দল চেয়ারম্যানের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে চেয়ারম্যানের গুদামঘর থেকে ৫০টি ককটেল, ২২০টি সরকারি কম্বল, বিজিডির ৯০০ কেজি চাল, টিসিবির ১২০০ কেজি চাল, ৮০ কেজি ডাল, ৭২ লিটার সয়াবিন তেল এবং ৫ কেজি চিনি জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম. জাহিদ হাসান জানান, চেয়ারম্যান শরীফ খানের বাড়ি থেকে জব্দকৃত মালামাল ইউনিয়ন পরিষদের সচিবের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, বাজার ব্যবসায়ী আব্দুল কাদিরসহ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, চেয়ারম্যান শরীফ খান সরকারি মালামাল সঠিকভাবে বণ্টন না করে নিজেই আত্মসাৎ করছেন। সরকারি চাল তার মাছের খামারে ব্যবহার করেন এবং ডাল, তেল ও চিনি তার হোটেলে ব্যবহার করা হয়। কেউ তার অন্যায়ের প্রতিবাদ করলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালানো হয়।

অভিযানে সেনাবাহিনীর সার্জেন্ট সাঈদ হোসেন, স্থানীয় ইউপি সচিব রাবেয়া বশ্রী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক হাসান, আব্দুল্লাহ আল নোমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শরীফ খান পলাতক থাকায় এবং মুঠোফোনে যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ইত্তেফাক/টিএইচ