মেহেরপুরে সেনাবাহিনী ও বিজিবির নিরাপত্তায় তিন থানার কার্যক্রম শুরু

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৮:৫৯

সেনাবাহিনী ও বিজিবির নিরাপত্তায় মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরের পর থেকে থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

মেহেরপুর সদর ও গাংনী থানায় সেনাবাহিনী ও মুজিবনগর থানায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি সেনাটহলও অব্যাহত রয়েছে।

মুজিবনগর থানার ওসি সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেনাবাহিনীর সহযোগীতায় তারা স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন। মুজিবনগরে বিজিবি মোতায়েনের আদেশ হয়েছে তারাও পুলিশকে সহযোগীতা করবে।

উল্লেখ্য, গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগ করা হলে পুলিশ সদস্যরা নিরাপত্তাহীনতায় কর্মবিরতিতে যায়। ফলে এই সময়ের মধ্যে মেহেরপুরসহ সারাদেশে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

এর মধ্যে গত বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। শুক্রবার (৯ আগস্ট) সারাদেশের থানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরুর উদ্যোগে সেনাবাহিনী ও বিজিবি সহযোগীতা করে।

ইত্তেফাক/আরডি