ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) বিকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলো পৌর এলাকার চড়নাল গ্রামের রেজাউল ইসলামের ছেলে মাসুম মিয়া (৯) ও উপজেলার আকছিনা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফাহিম মিয়া (১০)। দুই শিশু সম্পর্কে খালাতো ভাই। ধর্মপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। দুই শিশুর মৃত্যুতে দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, বৃহস্পতিবার ধর্মপুর গ্রামে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে এসেছিল জিতু মিয়ার দুই মেয়ে বিলকিছ বেগম ও লিপি বেগম। শুক্রবার সকাল ১১টা থেকে নিখোঁজ ছিল মাসুম ও তার খালাতো ভাই ফাহিম। তাদেরকে সারা গ্রামে খোঁজা হয়। কোথাও খুঁজে না পেয়ে এক পর্যায়ে সন্দেহবশত বাড়ির পার্শ্ববর্তী পুকুরে খুঁজতে নামে বাড়ির লোকজন। বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পর একপর্যায়ে পুকুরের পানির নীচ থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাদের দুজনের নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিলো বলে জানান স্বজনরা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
