আরবি লিপজিগের বৈচিত্র্যময় ফরোয়ার্ড দানি ওলমোকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। ইএসপিএন’র সূত্র মতে ৫৫ মিলিয়ন ইউরোতে ওলমোর সঙ্গে চুক্তি হয়েছে বার্সার। এর সঙ্গে সম্ভাব্য সব সুযোগ সুবিধা মিলিয়ে আরও ৭ মিলিয়ন ইউরো যোগ হতে পারে। স্প্যানিশ এই ফরোয়ার্ড ২০৩০ সালের জুন পর্যন্ত ছয় বছরের জন্য কাতালান জায়ান্ট ক্লাবে চুক্তিবদ্ধ হয়েছে। তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো।
নতুন চুক্তি প্রসঙ্গে ওলমো বলেছেন, ‘আমি এই ক্লাবে খেলতে মুখিয়ে ছিলাম। সবকিছু এত দ্রুত সম্পন্ন হবে ভাবতে পারিনি। এজন্য লিপজিগের কাছে আমি কৃতজ্ঞ। আমরা সবাই মিলে বার্সেলোনার জন্য সবকিছু দেওয়ার চেষ্টা করবো। নতুনভাবে ক্লাবকে সামনে এগিয়ে নেওয়ার আশা রাখছি।’
অনেক আগে থেকেই ওলমোকো দলে ভেড়ানোর লক্ষ্য ছিল বার্সেলোনার। এবারের গ্রীষ্মে এটাই ক্লাবের প্রথম বড় কোন চুক্তি। ২০০৭-২০১৪ সাত বছর বার্সেলোনার যুব দলে তৈরি করেছিলেন নিজেকে। এরপর ১৬ বছর বয়সে ডায়নামো জাগ্রেবের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন দানি ওলমো। ২০২০ সাল পর্যন্ত ছিলেন সেখানেই।
এরপর জার্মান ক্লাব লিপজিগে যোগ দেন। যেখানে পাঁচ মৌসুম কাটানোর পর আবারও ফিরে এলেন নিজের শৈশবের ক্লাব বার্সেলোনায়। ২০২০ সালে লিপজিগে যোগ দেওয়ার আগ পর্যন্ত ক্রোয়েট ক্লাবের হয়ে ১২৪ ম্যাচ খেলেছেন।
