নওগাঁর রাণীনগরে রক্তদহ বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রোববার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রক্তদহ বিলে নৌকায় ঘুরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাণীনগর উপজেলার উত্তর রাজাপুর গ্রামের এমদাদুলের মেয়ে তামান্না (১২) এবং নওগাঁ সদর উপজেলার ভোঁপাড়া চণ্ডিপুর গ্রামের হেলালের ছেলে রিফাত (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাণীনগর উপজেলার উত্তর রাজাপুর গ্রামের কাজিম মণ্ডলের বাড়িতে বিভিন্ন এলাকা থেকে তাদের আত্মীয়স্বজন বেড়াতে এসেছিলেন। রোববার সকালে, ১৩ জনের একটি দল দুটি ছোট নৌকায় চড়ে রক্তদহ বিলে ঘুরতে যায়। বেলা সাড়ে ১২টার দিকে নৌকাগুলো ডুবে যায়, আর সবাই পানিতে পড়ে যান।
কিছু লোক সাঁতার কেটে পাড়ে উঠে চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধারে এগিয়ে আসে। তারা বিলের পানি থেকে শিশু তামান্না, কিশোর রিফাত, যুবক মিদুল এবং নারী দুলালীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তামান্না ও রিফাতকে মৃত ঘোষণা করেন। মিদুল ও দুলালীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং নৌকায় থাকা অন্য ৯জন সুস্থ আছেন।
রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আতাউর রহমান জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, যার মধ্যে দুজন মারা গেছেন এবং দুজন বর্তমানে চিকিৎসাধীন।
