দিনাজপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে নিহত ২ 

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২২:১৫

দিনাজপুরে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে ২ ছিনতাইকারী নিহত হয়েছে। শনিবার (১০ আগস্ট) রাত ১২টার দিকে দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের নওশন দিঘি গ্রামে এই ঘটনা ঘটেছে। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, ওই দুই ছিনতাইকারী শহর থেকে একটি ইজিবাইক ভাড়া করে রামসাগর নওশন দিঘি গ্রামে নিয়ে যায়। ইজিবাইক চালক আব্দুর রহিমকে চাকু মেরে তারা ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করে। চালকের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং ছিনতাইকারীদের ধরে গণপিটুনি দেয়। নিহত দুই ছিনতাইকারী হলেন দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী এলাকার সাব্বিরের ছেলে শুভ মেরাজ (২০) এবং উপশহরের ৪ নম্বর ব্লকের জুয়েলের ছেলে তারেক (১৭)।

আহত ইজিবাইক চালক আব্দুর রহিমসহ ছিনতাইকারীদের দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মর্তুজা রহমান দুই ছিনতাইকারীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। ইজিবাইক চালক আব্দুর রহিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, এ ঘটনায় একটি জিডি করা হয়েছে এবং নিহত ছিনতাইকারীদের পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/টিএইচ