কুয়েটে সকল ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২২:২২

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং অঙ্গ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সব ধরনের রাজনৈতিক সভা-সমাবেশও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সিদ্ধান্তটি রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩তম জরুরি সভায় গৃহীত হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, ও কর্মচারীকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি আইন ২০০৩ এর ধারা ৪৪(৫) অনুযায়ী সকল ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কোনও অঙ্গ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। এই আইন লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভূঞা সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ইত্তেফাক/টিএইচ