মাদারীপুরের শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আড়িয়ালখাঁ নদীতে বিআইডব্লিউটি-এর পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ড্রেজিংয়ে উত্তেলিত সরকারি বালু বিক্রি করার অপরাধে ৫ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগষ্ট) সকালে এই অভিযানের নেতৃত্ব দেন শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক। এই অভিযানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. বাকী বিল্লাহ, শিবচর থানার এসআই মাছরুল আলমসহ সেনাবাহিনী ও পুলিশের একাধিক ফোর্স উপস্থিতি ছিলেন।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রিয়াজুল শেখ (২৪), লিমন বেপারী (২২), দুলাল খান (৩৯), সিয়াম খালাসী (২২) ও তুহিন (২০)কে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ।
শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল মামুন বলেন, বালু বিক্রি করার অপরাধে ৫ জনকে আটক করে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
