চাঁদপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৪:১০

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাসের চাপায় তৌহিদুল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তৌহিদুল সদ্য বিবাহিত ছিলেন বলে জানিয়েছেন তার এলাকার ইউপি চেয়ারম্যান। উপজেলার বাকিলা বাজারে বুধবার (১৪ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার ব্যাংক কলোনি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা মাহবুবুল আলম জানান, ‘আইদি পরিবহন’ নামের একটি বাস চাঁদপুর থেকে জগতপুরের দিকে যাচ্ছিলের ওই যুবক। এ সময় একটি কুকুরকে বাঁচাতে গিয়ে বিপরীত পাশ থেকে আসা চাঁদপুরগামী মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল চালক তহিদুল ইসলামের।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীমা আক্তার ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, তৌহিদুল ইসলাম সদ‍্য বিবাহিত। বুধবার সকালে মোটরসাইকেলে করে তার স্ত্রীকে হাজীগঞ্জে নামিয়ে দিতে যান। স্ত্রীকে সেখানে নামিয়ে চাঁদপুরের দিকে ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/এসজেড