২০২৩-২৪ অর্থবছর

সংশোধিত এডিপি বাস্তবায়নের হার ৮০.৯২ শতাংশ

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৪:১৫

২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৮০.৯২ শতাংশ। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। 

আইএমইডির প্রতিবেদনের তথ্যে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৫৪ হাজার ৩৯১ কোটি ৬৪ লাখ টাকা। অর্থবছরে ব্যয় হয়েছে ২ লাখ ৫ হাজার ৮৫৮ কোটি ৩৬ লাখ টাকা, যা শতাংশের হিসাবে ৮০.৯২ শতাংশ। ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে ব্যয় হয়েছে ১ লাখ ২৪ হাজার ১৩৮ কোটি টাকা, যা জিওবি তহবিলের ৭৬.৮৭ শতাংশ। বিদায়ি অর্থবছরের এডিপিতে জিওবি খাতে বরাদ্দ ছিল ১ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা। এছাড়া বিদেশি ঋণের ব্যয়ের হার ছিল ৮৬.১৯ শতাংশ। বিদায়ি অর্থবছরে বিদেশি ঋণ খাতে বরাদ্দ ছিল ৮৩ হাজার ৫০০ কোটি টাকা। ব্যয় হয়েছে ৭১ হাজার ৯৭৩ কোটি টাকা।

এডিপি বাস্তবায়নের এ হার করোনাকালের চেয়ে কম। ২০২০-২১ অর্থবছরে দেশে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি ছিল, ঐ সময়েও এডিপি বাস্তবায়নের হার ছিল ৮২.১১ শতাংশ। এরপর ২০২১-২২ অর্থবছরে বাস্তবায়ন হার ছিল ৯২.৭৪ শতাংশ। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮৫.১৭ শতাংশ।

একক মাস হিসেবে বিদায়ি জুন মাসেও বাস্তবায়ন অগ্রগতি তার আগের পাঁচ অর্থবছরের তুলনায় কম। ২০২৩-২৪ অর্থবছরের জুনে এডিপি বাস্তবায়ন হয়েছে ২৩.৩৮ শতাংশ। তার আগের অর্থবছর ২০২২-২৩-এর জুনে এই হার ছিল ২৩.৪৫ শতাংশ। এছাড়া ২০২১-২২ অর্থবছরে ছিল ২৭.৯০ শতাংশ, ২০২০-২১ অর্থবছরে ছিল ২৩.৭৫ শতাংশ।

দেশের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগ এডিপি বাস্তবায়নের সঙ্গে জড়িত। এগুলোর পৃথক তথ্য বিশ্লেষণে দেখা যায়, এডিপি বাস্তবায়নে সবার চেয়ে এগিয়ে রয়েছে শিল্প মন্ত্রণালয়। তাদের বাস্তবায়ন হার ১১৮.১০ শতাংশ এবং পিছিয়ে রয়েছে নির্বাচন কমিশন। তাদের বাস্তবায়ন হার ৩৪.৭৯ শতাংশ।

এছাড়া বিদায়ি অর্থবছরে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের ৪৬টি প্রকল্পের বিপরীতে এডিপিতে বরাদ্দ ছিল ৩ হাজার ৮৮০ কোটি ৯৯ লাখ টাকা। তারা ব্যয় করেছে ৪ হাজার ১৮৭ কোটি টাকা। যা শতাংশের হিসাবে ১০৭ শতাংশ। বিদ্যুৎ বিভাগের ৬৪টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল ৩০ হাজার ৬৩ কোটি টাকা। তারা ব্যয় করেছে ৩০ হাজার ৬০৯ কোটি টাকা। যা শতাংশের হিসাবে ১০১.৮২ শতাংশ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২৬টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল ২ হাজার ১২০ কোটি টাকা। ব্যয় হয়েছে ২ হাজার ১৫২ কোটি টাকা। যা শতাংশের হিসাবে ১০১.২৬ শতাংশ।

ইত্তেফাক/এমএএম