চেয়ারম্যান-মেম্বার লাপাত্তা, বন্ধ ইউনিয়ন পরিষদের সেবা

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১৪:২২

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর নওগাঁর মান্দা উপজেলার বেশ কিছু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও জনপ্রতিনিধির লাপাত্তা হয়েছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন সেবা প্রত্যাশীরা। কার্যালয় ছাড়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও তাদের অনেকেই এখনো কার্যালয়ে ফেরেননি।

সেবা প্রত্যাশীরা, চেয়ারম্যান ও মেম্বার এর কক্ষ তালাবন্ধ। কোন উপায় না দেখে প্রয়োজনীয় কাজের জন্য পরিষদে আসা বেশকিছু জনসাধারণ বিপাকে পড়েছেন। 

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার  (১৫ই আগস্ট ) বেলা ১২টায় উপজেলার বেশকিছু ইউনিয়ন পরিষদে গিয়ে ২/৪ টি ছাড়া প্রায় ইউনিয়ন পরিষদ গুলোর একই চিত্র চোখে পড়ে। তবে কিছু ইউনিয়ন পরিষদে উদ্যোক্তারা উপস্থিত থাকলেও চেয়ারম্যান - মেম্বার এর স্বাক্ষরের জন্য ভোগান্তিতে পরতে হচ্ছে সেবা প্রার্থীদের। তবে কিছু কিছু ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার আত্মগোপনে থেকে জনসাধারণকে সেবা দিচ্ছেন বলেও জানা গেছে। 

ইউনিয়ন পরিষদ গুলোতে জন্ম-নিবন্ধন, নাগরিক সনদ ও ট্রেড লাইসেন্স করতে আসা বেশ কয়েকজন জানায় সকাল সাড়ে ৯টা ও ১০টায় তারা এসে অপেক্ষা করছেন তবুও চেয়ারম্যান ও মেম্বার এর দেখা নেই। 

এসময় স্থানীয় জনসাধারণ অভিযোগ করে বলেন, গত (৫ আগস্ট) সোমবার দুপুরের পর থেকে জনপ্রতিনিধিদের খুঁজে পাওয়া যায় না। লোকজন প্রতিদিন এভাবে ঘণ্টার পর ঘণ্টা বসে অপেক্ষা করেও সেবা পাচ্ছে না। 

উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার এর সাথে মুঠোফোনে কথা হয় এই প্রতিবেদকের তারা জানান, চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই ইউনিয়ন পরিষদে গিয়ে সেবা প্রার্থীদের পুরোপুরি সেবা দিবেন তারা। 

মান্দা উপজেলা নির্বাহী অফিসার আঞ্জুমান খানম সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে  দুঃখ প্রকাশ করে বলেন, এই বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ইত্তেফাক/এএইচপি