অমানবিক ও ফ্যাসিবাদী উপকরণ উপড়ে ফেলা হবে: উপদেষ্টা আসিফ

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৪:১৫

বাংলাদেশ থেকে সব অমানবিক, ফ্যাসিবাদী উপকরণ উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসিফ মাহমুদ ‘আদালতের এজলাস কক্ষ থেকে সরানো হচ্ছে লোহার খাঁচা’ এই শিরোনামে একটি স্ট্যাটাস শেয়ার করেন।

আসিফ মাহমুদ পোস্টে লেখেন, ‘মানবিকতার চরম বিপর্যয়ের মধ্যে আছে পুরো বাংলাদেশ। ছাত্রলীগ, আওয়ামী লীগের দেওয়া মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে বারবার যেতে হয়েছে এই লোহার খাঁচায়। শুনানি-হাজিরায় ছোট্ট একটা খাঁচায় আমাদের ২৪ জনকে ঢোকাতো। বাংলাদেশ থেকে সব অমানবিক, ফ্যাসিবাদী উপকরণ উপড়ে ফেলা হবে।’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাস। ছবি: স্ক্রিনশট

শুক্রবার (১৬ আগস্ট) বর্তমান উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করে আসিফ মাহমুদকে এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

ইত্তেফাক/আরডি