চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লা এলাকার শ্রীকান্ত ধর (৫০), তারপুত্র মিঠু ধর (৩২) ও জঙ্গলখাইন ইউনিয়নের লড়িহরা গ্রামের আবদুল কাদেরের পুত্র আলী আজগর (৪০)।
শনিবার (১৭ আগস্ট) পৌনে চারটার দিকে উপজেলার শান্তিরহাট হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজন ও চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।
জানা গেছে, চট্টগ্রামমুখী একটি সিএনজি অটোরিকশা উপজেলার শান্তিরহাট হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে হঠাৎ উল্টে যায়। সিএনজিটি কক্সবাজারমুখী পণ্যবাহী লরির সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে মিঠু ধর নিহত হন। উপস্থিত লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি তৌফিকুল ইসলাম জানিয়েছেন, যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা হঠাৎ উল্টে গিয়ে লরির সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সিএনজি অটোরিকশা ও লরি গাড়ি তাদের হেফাজতে রয়েছে৷
