বাড্ডায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৯:১৭

রাজধানীর উত্তর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তার নাম রফিকুল ইসলাম রফিক (৩৬)। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উত্তর বাড্ডা হোসেন মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকের চাচাতো ভাই মো. জাকির হোসেন জানান, রফিকের বাবার নাম মনিরুদ্দিন ভূঁইয়া। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামে। রফিক স্ত্রী ও তিন কন্যা নিয়ে রাজধানীর উত্তর বাড্ডার বাওলিয়াপাড়া মসজিদ সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন। পেশায় তিনি একজন গাড়িচালক ছিলেন। গুলশান-১ নম্বরে ব্যক্তি মালিকাধীন প্রাইভেটকার চালাতেন। 

সোমবার সকালে রফিক বাসা থেকে বাইসাইকেল নিয়ে বের হওয়ার কিছুক্ষণ পর হোসেন মার্কেটের সামনে পৌঁছালো সড়ক দুঘর্টনায় মারা যান। 

বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকালে বাড্ডার হোসেন মার্কেটের সামনে দিয়ে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। 

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান। 

ইত্তেফাক/এমআই