বাংলাদেশের প্রতিটি মানুষের কানে এখনো বাজছে মীর মাহফুজুর রহমান মুগ্ধর বলা, 'পানি লাগবে, পানি?' কিংবা চোখে ভাসছে স্বৈরাচারী আগ্রাসনের বিপক্ষে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদের সেই জীবন উৎসর্গের মুহূর্ত। এবার তাদের আত্মত্যাগকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে স্মরণ করালেন অনূর্ধ্ব-২০ দলের ফুটবলার মিরাজুল ইসলাম।
গতকাল নেপালে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এই ম্যাচে প্রথম গোলটি করেন মিরাজুল। তারপর জার্সির ওপর একটি টি-শার্ট পরেন তিনি। যেখানে লেখা ছিল 'মুগ্ধ এবং আবু সাঈদের স্মরণে/মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি।'
বাংলাদেশের আগে নেপালের বিপক্ষে হেরেছিল শ্রীলঙ্কা। তাই লঙ্কানদের হারাতে পারলেই লাল-সবুজের প্রতিনিধিদের সেমি নিশ্চিত হতো। মাঠের খেলায় সেটিই বাস্তবায়ন করেছেন কোচ মারুফুল হকের শিষ্যরা। দলের হয়ে গোল করেন মিরাজুল ইসলাম ও পিয়াস আহমেদ নোভা। এই ম্যাচে আরও কয়েকটি গোলের সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
শেষ পর্যন্ত নিজেদের প্রথম ম্যাচ জিতেই শেষ চার নিশ্চিত হয় মিরাজুলদের। এই ম্যাচে মুগ্ধ-সাঈদদের স্মরণে লেখা সংবলিত টি-শার্ট পরে শাস্তিও পেয়েছেন মিরাজুল। তাকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি নাথান এস সেস্থিল। তবে সেটিকে নেতিবাচকভাবে দেখছেন না কোচ মারুফুল হক। তিনি বলেছেন, 'একজন ফুটবলার তার অনুভূতির জায়গা থেকে এমন করতেই পারেন। এটি বড় একটা জায়গা। তবে হলুদ কার্ড যে কোনো কারণেই হতে পারে। সেখানে দেশের জন্য অনুভূতি প্রকাশে আমি খারাপ কিছু দেখছি না।'
