দীপু মনির বিরুদ্ধে চাঁদপুরে আরও এক মামলা

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৩:১৯

চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপু মনির বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। 

মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় তাকে প্রধান আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক শিক্ষার্থীর বাবা নুরুল ইসলাম খান।

গত ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র জনতার ওপর হামলা ও বিস্ফোরণের দায়ে এই মামলা দায়ের করা হয়েছে। মামলায় দীপু মনির ভাই জে আর ওয়াদুদ টিপু ও চাঁদপুর-১ আসনের সাবেক এমপি ড. সেলিম মাহমুদসহ ২২৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০০ জনকে অজ্ঞতানামা আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর মডেল থানার ওসি শেখ মহসিন আলম। তিনি বলেন, চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিভিন্ন সময়ের সহিংসতায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের ওই মামলায় আসামি করা হয়েছে। এ নিয়ে চাঁদপুর সদর মডেল থানায় দুটি মামলা হয়েছে। এর আগে আরেকটি মামলায় দীপু মনিসহ এজাহারভুক্ত ৫১০ জন এবং অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়। দুটি মামলাতেই প্রধান আসামি দীপু মনি। ২ নম্বর আসামি করা হয়েছে তার ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদকে।

ইত্তেফাক/কেকে