উখিয়ার সীমান্ত থেকে এক লাখ ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৮:০৬

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে এক লাখ পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান এবং ২৫ রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ বুধবার প্রথম প্রহরে পালংখালী বিওপির সদস্যরা উখিয়া সীমান্তের পূর্ব ফারির বিল এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।

তিনি জানান, পালংখালী বিওপির সদস্যরা নিয়মিত টহলকালে রাত ১টার দিকে ফারিরবিল এলাকায় কিছু মাদক কারবারিকে হেঁটে মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে দেখে। এ সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে থাকা ব্যাগ ফেলে দ্রুত জংগলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে বিজিবি টহলদল ব্যাগ তল্লাশি করে এক লাখ পিস বার্মিজ ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, একটি দেশি পাইপগান, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং ১৫ রাউন্ড পাইপগানের গুলি জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দ করা এসব মাদক ও গোলাবারুদ আইনি প্রক্রিয়ায় ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি