খালেদা জিয়ার চরিত্রে নির্মাতার পছন্দ ববিতা ও মৌসুমীকে

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৯:০০

ছাত্রজনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের শাসনামলের নানা আলোচিত ইস্যু নিয়ে সিনেমা নির্মাণ করতে উদ্যোগী হয়েছেন নির্মাতারা। ইতিমধ্যে আয়নাঘর নিয়ে একাধিক সিনেমার নাম নিবন্ধন হয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতিতে। তালিকায় আছে সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদের নামও। ‘হারুনের ভাতের হোটেল’ শিরোনামে সিনেমার নিবন্ধন করেছেন অভিনেতা জাদু আজাদ। জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়েও তৈরি হচ্ছে সিনেমা। ‘মাদার অব ডেমোক্রেসি’ নামের সিনেমাটি বানাবেন এম কে জামান। পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করেছেন তিনি। 

এ বিষয়ে নির্মাতা এম কে জামান ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘অনেক রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে চলচ্চিত্র তৈরি হয়েছে আমাদের দেশে। আমি মনে করি, খালেদা জিয়ার মতো ব্যক্তিত্বকে নিয়েও সিনেমা তৈরি হওয়া দরকার। সেই ইচ্ছা থেকে এ চলচ্চিত্রে যুক্ত হওয়া। তবে তাকে নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নতুন নয়। অনেক আগে থেকেই তার জীবনী নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করেছিলাম।’

নির্মাতা এম কে জামান। ছবি- ফেসবুক থেকে নেওয়া

এই পরিচালক জানান, খালেদা জিয়ার পরিবার থেকে অনুমতি নিয়েই সিনেমাটির কাজ করা হবে। সিনেমার গল্পে খালেদার জিয়ার পুরো জীবনকাহিনি তুলে ধরতে চান এম কে জামান। এতে খালেদা জিয়ার তিনটি বয়সের চরিত্রে অভিনয় করবেন তিন অভিনয়শিল্পী। প্রাপ্তবয়স্ক ও পড়ন্ত বয়সের চরিত্রে নির্মাতার পছন্দ মৌসুমী ও ববিতা। তবে এ বিষয়ে এখনো অভিনয়শিল্পীদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। 

এম কে জামান বলেন, ‘খালেদা জিয়া আমাদের দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার জীবন বর্ণাঢ্যময়। সেই গল্পটাই পর্দায় দেখাতে চাই। ইতিমধ্যে অনেক তথ্য সংগ্রহ করেছি আমরা। চিত্রনাট্য লেখার কাজ চলছে। তিনজন অভিনয়শিল্পী অভিনয় করবেন তার চরিত্রে। এখনো কাউকে চূড়ান্ত করিনি। তবে আমাদের পছন্দের তালিকায় আছেন ববিতা ও মৌসুমী।’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলতে শক্তিশালী শিল্পী প্রয়োজন। তাই ববিতা ও মৌসুমীর কথা ভাবছি আমরা। তারা দুজনই এখন দেশের বাইরে আছেন। চিত্রনাট্য সম্পূর্ণ হয়ে গেলেই তাদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে আলোচনা করব। সিনেমার নাম দেখেই তো তারা অভিনয়ে সম্মতি দেবেন না। চিত্রনাট্য দেখতে চাইবেন। চিত্রনাট্য পছন্দ হলেই তারা অভিনয়ে রাজি হবেন। তাই পুরো প্রস্তুতি নিয়েই তাদের সঙ্গে কথা বলতে চাই।’

আগামী মাসেই ‘মাদার অব ডেমোক্রেসি’ সিনেমার শুটিং শুরু করতে চান নির্মাতা। এ মাসের মধ্যে শেষ করতে চান চিত্রনাট্যের কাজ। আগামী মাসের শুরুতেই ববিতা ও মৌসুমীর সঙ্গে কথা বলতে চান। শিল্পীদের সম্মতি পেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন অভিনয়শিল্পীদের নাম। নির্মাতা জানিয়েছেন, টানা কাজ করে সিনেমাটি শেষ করতে চান। ‘মাদার অব ডেমোক্রেসি’ প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি।

ইত্তেফাক/এসএ