চার দশকের দীর্ঘ পথচলা দেশের হেভি রক-মেটাল ব্যান্ড ওয়ারফেজের। কিছুদিন আগেই কোক স্টুডিও বাংলা’র নতুন গানের মাধ্যমে উদযাপন করা হলো জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের ৪০ বছর। এ উপলক্ষে সবার পছন্দের ‘অবাক ভালোবাসা’ গানটিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। এই অভিনব পরিবেশনা অসংখ্য দর্শক-শ্রোতার প্রশংসা কুড়িয়েছে। জনপ্রিয়তা ধরে রেখে দীর্ঘ এই সংগীত সফরকে স্মরণীয় করে রাখতে চান ওয়ারফেজ সদস্যরা। সে লক্ষ্যে দেশ-বিদেশে কনসার্টের পাশাপাশি অ্যালবাম ও স্যুভেনিয়র প্রকাশনা ছাড়াও বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে ব্যান্ডটি।
ওয়ারফেজের সদস্যরা জানান, আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফর দিয়ে শুরু হবে তাদের চার দশক পূর্তির উদযাপন। দুই মাসের এই সফরে তারা ডালাস, হিউস্টন, অস্টিন, মিনেসোটা, আটলান্টাসহ যুক্তরাষ্ট্রের আরো বেশ কয়েকটি রাজ্যে কনসার্ট করবেন। দেশে বর্ণাঢ্য আয়োজনে ব্যান্ডের রিইউনিয়নের পরিকল্পনা রয়েছে। এ আয়োজনে দলের বর্তমান সদস্যদের পাশাপাশি পুরনো সদস্যরা উপস্থিত থাকবেন। রিইউনিয়নের পর কয়েকটি দেশে ধারাবাহিকভাবে কনসার্ট করার পরিকল্পনা রয়েছে তাদের।
১৯৮৪ সালের ৫ জুন সংগীত জগতে আত্মপ্রকাশ করে ওয়ারফেজ। ১৯৯১ সালে ‘ওয়ারফেজ’ শিরোনামে অ্যালবাম প্রকাশের মাধ্যমে দলটির যাত্রা শুরু। প্রথম সদস্যতালিকার অধিকাংশই সেন্ট যোসেফ স্কুলের ছাত্র ছিলেন। দলের বর্তমান সদস্যরা হলেন ইব্রাহীম আহমেদ কমল (লিড গিটার), শেখ মনিরুল আলম টিপু (ড্রামস), সামস মনসুর (কিবোর্ড), নাঈম হক রজার (বেস গিটার), সামির হাফিজ, সৌমেন দাস (লিড গিটার) এবং পলাশ নূর (ভোকাল)। ব্যান্ডটি এ পর্যন্ত আটটি ব্যান্ড অ্যালবাম, কিছু মিক্সড অ্যালবাম ও একক গান প্রকাশ করেছে।
ওয়ারফেজের কিছু জনপ্রিয় গান- ‘বসে আছি একা’, ‘একটি ছেলে’, ‘স্বাধিকার’, ‘অবাক ভালোবাসা’, ‘ধূপছায়া’, ‘জননী’, ‘নেই প্রয়োজন’, ‘অসামাজিক’, ‘প্রতিচ্ছবি’, ‘ধূসর মানচিত্র’, ‘মুক্তি চাই’, ‘মনে পড়ে’, ‘আলো’, ‘যত দূরেই থাকো’, ‘সময়’, ‘বেওয়ারিশ’, ‘মহারাজ’, ‘পূর্ণতা’, ‘রূপকথা’, ‘সত্য’, ‘প্রতীক্ষা’ ইত্যাদি।
এ বছর ৫ জুন চার দশকের মাইলফলক স্পর্শ করেছে হেভি রক-মেটাল এই ব্যান্ডটি। এদিকে ব্যান্ডের ৪০ বছর পূর্তি উপলক্ষে তারা শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে তাদের জনপ্রিয় গানের রিমেক অ্যালবাম ‘পথচলা-২’। এরই মধ্যে এই অ্যালবামের তিনটি গান ‘হারিয়ে তোমাকে’, ‘আলো’ ও ‘অন্ধ জীবন’ ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে, যা শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। রিমেকের জন্য ওয়ারফেজের যে গানগুলো বেছে নেয়া হয়েছে সেগুলো হলো- ‘মহারাজ’, ‘আলো’ ও ‘অবাক ভালোবাসা’।

