বরিশালের বাকেরগঞ্জের শীর্ষ দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে উপজেলা বিএনপি, জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড চত্বরে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মাহামুদুন্নবীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক(দক্ষিণ) ও সাবেক এমপি আবুল হোসেন খান।
পৌর বিএনপির সদস্য সচিব শাহিন তালুকদারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির আহবায়ক নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির আহবায়ক হারুন-অর-রশিদ জোমাদ্দার, সদস্য সচিব নাসির হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম, সেক্রেটারি সম্পাদক মাওলানা আবুল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, সাধারণ সম্পাদক মাওলানা মাহামুদুর হাসান জাহাঙ্গীরসহ অনেকে। বিক্ষোভ সমাবেশ শেষে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি পেশ করা হয়।
সমাবেশে প্রধান অতিথি আবুল হোসেন খান বলেন, বিগত ১৬ বছর স্বৈরাচারী অবৈধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে সারাদেশে গুম, খুন, রাহাজানি, চাঁদাবাজি, সন্ত্রাস, ভূমি-দখল, লুটপাট ও সীমাহীন দুর্নীতি এবং গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার হরণ করার ঘটনা ঘটেছে। দেশের ছাত্র সমাজসহ সর্বস্তরের জনগণের আন্দোলনে খুনি হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সারা বাংলার মানুষ আজ দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে রাজপথে অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, খুনি হাসিনার দোসর বাকেরগঞ্জের শীর্ষ দুর্নীতিবাজ সাবেক সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার, বেগম নাসরিন জাহান রতনা ও সাবেক মেয়র লোকমান হোসেন ডাকুয়া ১৬ বছর সীমাহীন দুর্নীতি করে অঢেল সম্পদের মালিক হয়েছে। তাদের গ্রেপ্তারের দাবিতে আজ সর্বস্তরের জনগণ ফুঁসে উঠেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের কাছে স্মারকলিপি প্রদানের সময় তিনি বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

