কক্সবাজার সৈকত থেকে ৪ মরদেহ উদ্ধার

আপডেট : ১০ জুলাই ২০১৯, ১১:২৩

কক্সবাজার সৈকতের সি-গাল পয়েন্ট থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোররাত সাড়ে তিনটার দিকে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানায় ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। 

ওসি খায়রুজ্জামান জানান, রাতে বিচে থাকা কর্মীরা সৈকতে মরদেহ ভেসে আসার খবর দিলে পুলিশ সি-গাল পয়েন্টে গিয়ে চার মরদেহ উদ্ধার করে। তারা রোহিঙ্গা নাকি জেলে এটি নিশ্চিত হওয়া যায়নি। একইসঙ্গে একটি মাছ ধরার নৌকাও উদ্ধার করা হয়। যাতে মাছ ধরার জালও রয়েছে। 

আরও পড়ুন: ২০ মণ ওজনের গরু ‘পালসার বাবু’

নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে জানিয়ে ওসি খায়রুজ্জামান আরো বলেন, মরদেহের সংখ্যা বাড়তে পারে। সাগরে আরো ভাসমান মরদেহ দেখা যাওয়ার তথ্য এসেছে। পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। 

এদিকে, স্থানীয়দের ধারণা- মাছ ধরার নিষেধাজ্ঞা চললেও পেটের তাগিদে হয়ত জেলের দল রাতের আঁধারে ছোট বোট নিয়ে সাগরে মাছ ধরতে নামে। বৈরি আবহাওয়ায় বোট উল্টে তাদের মৃত্যু হতে পারে।

ইত্তেফাক/অনি/এমআই