পুতুলের বাড়ির দোতলা পর্যন্ত বন্যার পানি, পাওয়া যাচ্ছে না বোনের খোঁজ

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ২৩:০৫

কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল গান গাওয়ার পাশাপাশি উপস্থাপনা ও লেখালেখিও করেন। কয়েক বছর থেকে নিয়মিত বই প্রকাশ করছেন তিনি। থাকেন ঢাকায়।

কণ্ঠশিল্পী পুতুলের ফেনী শহরের উকিলপাড়ার বাড়ির দোতলা পর্যন্ত বন্যার পানি উঠেছে। এই বাড়িতে পুতুলের ভাই তার পরিবার নিয়ে থাকতেন। পাশে বড় বোনও থাকতেন। 

পুতুলের ভাই ও তার কন্যসন্তান। ছবি: সংগৃহীত

গত দুদিনে বন্যার পানি বেড়ে যাওয়াতে পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। শহরের সেই বাড়িতে পানিবন্দী সবাই। গতকাল বৃহস্পতিবার থেকে ভাই-বোনের খোঁজও পাচ্ছে না পুতুল!

পুতুল গণমাধ্যমকে বলেন, ‘আমার ভাই-বোন আর তাদের পরিবার ফেনীতে থাকে, গতকাল থেকে ওদের কারও সঙ্গে যোগাযোগ নেই। বোনের পরিবার মসজিদে আশ্রয় নিয়েছে, এটুকু জানি। আর কিছুই জানতে পারছি না। ভাইয়ের পরিবারের কথা জানি না। ছোট ছোট বাচ্চা ওদের। আমাদের শহরের বাড়ির দোতলা পর্যন্ত পানি। এখন কী অবস্থা, কিছুই জানি না।’

পুতুলের ভাই-বোনেরা সন্তানেরা, যাদের কারও সঙ্গে যোগাযোগ হচ্ছে না তার। ছবি: সংগৃহীত

কথা প্রসঙ্গে জানা গেছে, তিনতলা বাড়ির দোতলায় পুতুলের ভাইয়ের পরিবার আর ভাড়াটে থাকেন। বোন থাকেন শহরের বাইরে।

পুতুল বললেন, ‘আমার এলাকাসহ বন্যাকবলিত সব এলাকার কী যে ভয়াবহ অবস্থা, ভাবলেই গা শিউরে ওঠে! একটাই কথা, আল্লাহ আমাদের রক্ষা করো।’

বোনের সঙ্গে সন্তানসহ গায়িকা পুতুল। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ফেনী শহরে বেড়ে ওঠা পুতুলের। ২০০৬ সালে গানের রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে পেশাদার গানের জগতে যাত্রা শুরু তার। দেড় যুগ ধরে স্থায়ীভাবে ঢাকাতে থাকছেন। 

ইত্তেফাক/এসএ