তুমুল বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা ঢলের তোড়ে প্লাবিত দেশের পূর্বাঞ্চল। বিশেষ করে দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি ও খাগড়াছড়িতে দুর্ভোগে পড়েছেন মানুষ। কালবিলম্ব না করে মানবতার চিরন্তন হৃদয়াবেগ নিয়ে দুর্গত মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েছেন দেশের ছাত্র-জনতা। সর্বস্তরের মানুষ অতীতের মতোই একতাবদ্ধ হয়েছেন সব মতভেদ, বিবাদ-বিসংবাদ ভুলে। সর্বশক্তি নিয়ে দেশের এই ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নেমেছেন। যে যেভাবে পারছেন- অর্থ, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, উদ্ধার, আশ্রয়, শুশ্রূষা দিয়ে, কায়িক শ্রম দিয়ে ত্রাণকাজে সহায়তা করছেন।
শুক্রবার (২৩ আগস্ট) বিকালে এক ভিডিও বার্তায় বন্যাদুর্গতদের জন্য নিজের দুই মাসের আয় দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। একইসঙ্গে সিয়ামের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী তার এক মাসের আয়ের টাকা বন্যাদুর্গতদের দিচ্ছেন।
ভিডিও বার্তায় সিয়াম বলেন, ‘গতকাল একটি ছোট বাচ্চা তার জমানো ১৪ হাজার ৫০০ টাকা পুরোটাই বন্যার্তদের জন্য ডোনেট করে দিচ্ছে। এইটাই আমাদের বাংলাদেশের সৌন্দর্য। আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে নিজেরা পদক্ষেপ নিতে পারি তাহলে সবই সম্ভব। সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার এই মাস ও শেষ মাসের ইনকাম ডোনেট করতে যাচ্ছি। কিছুটা টাকা আমি দিয়েছি। বাকিটা এখন দিতে চাচ্ছি।’
সিয়াম আরও বলেন, ‘দানের বিষয়টি এভাবে বলা উচিৎ নয় তবে আমি মনে করি এই সময় এটা বলা দরকার। কারণ এটাতে অনেকে উৎসাহিত হবেন।’
