লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন এলাকায় কমতে শুরু করেছে বন্যার পানি। তবে এখনো কমেনি এসব এলাকার পানিবন্দী মানুষের দুর্ভোগ।
শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে রায়পুর উপজেলার বামনী, সোনাপুর, চরপাতা, চর আবাবিল ও পৌর সভার ৯টি ওয়ার্ডসহ বিভিন্ন গ্রামের ডুবে থাকা বাড়িগুলো থেকে পানি নামতে শুরু করেছে। এখন পর্যন্ত রায়পুর উপজেলায় ৩৫টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৫ হাজার পরিবার।
ক্ষতিগ্রস্ত লোকজন জানায়, পানি কমতে শুরু করলেও ঘর থেকে এখনও বের হতে পারছেন না তারা। চুলা না থাকায় শুকনো খাবার খেয়ে দিন পার করতে হচ্ছে। অনেকের শুকনা খাবারেরও অভাব দেখা দিচ্ছে।
রায়পুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান জানান, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দুর্গত এলাকায় প্রশাসন থেকে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া পানি কমে গেলে ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা হবে।
