মাঠের খেলার পাশাপাশি ইউটিউব চ্যানেল খুলে গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানেও স্পর্শ করেন মাইলফলক। ইউটিউবে দ্রুততম ১ মিলিয়ন ও ১০ মিলিয়ন সাবস্ক্রাইবের রেকর্ড গড়েন এই তারকা। এর এক দিনের মাথায় মাঠের খেলায়ও মাইলফলক স্পর্শ করেন এই আল-নাসর তারকা।
গেল পরশু রাতে সৌদি প্রো লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে আল রায়েদের বিপক্ষে মাঠে নামে আল নাসর। সেই ম্যাচে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। তবে এমন দিনেও মাইলফলক স্পর্শ করেন তিনি। কেননা আল নাসরের জার্সি গায়ে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন ক্রিশ্চিয়ানো।
গোলের হাফ-সেঞ্চুরি করতে এই পর্তুগিজ তারকার খেলতে হয়েছে ৫১ ম্যাচ। আল রায়েদের বিপক্ষে ম্যাচের ৩৪ মিনিটে হেডে প্রতিপক্ষের জালে বল জড়ান রোনালদো। তাতেই আরও একটি রেকর্ড গড়েন তিনি।
এছাড়াও ম্যাচের ৭৫ মিনিটে আবারও আল রায়েদের জালে বল জড়ান তিনি। যদিও সেই গোলটি অফসাইডের কারণে বাতিল হয়। আর আগে ২০২৩-২৪ মৌসুমটাও দুর্দান্ত কাটিয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। এখন দেখার বিষয় নতুন মৌসুমে কেমন করেন এই পর্তুগিজ তারকা।
