হেলিকপ্টারে উড়াল দিয়ে শিশুর জীবন বাঁচালো বিজিবি

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০১:৪৬

বন্যাদুর্গত ফেনীর পরশুরামে ত্রাণ সামগ্রী পৌঁছাতে গিয়ে বন্যার পানিতে ডুবে যাওয়া মুমূর্ষ শিশুকে উদ্ধার করে হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে এসে প্রাণ বাঁচালো বিজিবি।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বন্যাদুর্গত অসহায় বানভাসী মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার সময় মুমূর্ষ শিশুর বিষয়টি বিজিবির দায়িত্বরত এয়ার উইং এর উপ-মহাপরিচালক কর্নেল মোঃ মঈনুল ইসলাম জানতে পেরে তাৎক্ষনিক শিশুটিকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে এসে প্রাণ বাঁচায়।

বিজিবি সূত্রে জানা যায়, বন্যাদুর্গত ফেনীর পরশুরামে অন্তপুর গ্রামের প্রবাসী কাজী নুরুল আমিনের দেড় বছর বয়সী শিশু নাজমুল বন্যার পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজির পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে। এমন পরিস্থিতিতে বিজিবি এয়ার উইং এর উপমহাপরিচালক তাৎক্ষণিকভাবে তার পরিবারের লোকজনসহ হেলিকপ্টারে করে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নিয়ে আসে। এরপর  বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স যোগে মুমূর্ষ শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ নিয়ে যায়। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত।

উল্লেখ্য,বিজিবির হেলিকপ্টার যোগে দুটি হেলিমিশনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ২ হাজার কেজি ত্রাণ সামগ্রী ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় ও কুমিল্লার চৌদ্দগ্রামের হিঙ্গুলা হাসানিয়া উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

ইত্তেফাক/এমএএম