লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ডাকাতিয়া ও মেঘনা নদীর পানি আবারও বেড়েছে। রোববার (২৫ আগস্ট) সকাল থেকে পানি বাড়তে দেখা গেছে। উপজেলার বেশ কয়েকটি সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় পৌরসভা ও সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শনিবার দিন ও রাতে বৃষ্টি না হওয়া পানি কমতে থাকলেও রোববার সকাল থেকে আবারও বৃষ্টি ও জোয়ারে পানি বাড়তে শুরু করেছে।
দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম জিকু বলেন, অতিবৃষ্টি ও জোয়ারে আজ থেকে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। রাস্তাঘাট প্লাবিত হওয়ায় মানুষ ভোগান্তিতে পড়েছেন।
রায়পুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান জানান, গত শনিবার কিছু পানি কমলেও আজ থেকে আবারও বৃষ্টি ও জোয়ারে নদ-নদীর পানি কিছুটা বেড়েছে। ডাকাতি ও মেঘনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান বলেন, গত শুক্র ও শনিবারের তুলনায় আজ পানি কিছুটা বেড়েছে। জলাবদ্ধতা নিরসনে সব কটি স্লুইসগেট খুলে দেওয়া হয়। আবার জোয়ারের সময় গেটগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। ভারী বৃষ্টি না হলে দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতির আবারও উন্নতি হতে পারে।
