৮২৫ কোটি বাজেটে নির্মাণ হচ্ছে ‘রামায়ণ’, কে পেলেন কোন চরিত্র?

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ২০:৫৪

‘দঙ্গল’, ‘ছিছোরে’, ‘চিল্লার পার্টি’, ‘ভূতনাথ রিটার্নস’, ‘বাওয়াল’-এর মতো ছবি নির্মাণ করে সিনেমাপ্রেমীদের মনে অন্যরকম আস্থার জায়গা তৈরী করেছেন পরিচালক নীতেশ তিওয়ারি। পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার, আইফাসহ অনেক পুরস্কার।

এবার রামায়ণের গল্প নিয়ে আসছেন এই নির্মাতা। রামের চরিত্রে থাকছেন রণবীর কাপুর। দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে দেখা যাবে সীতার চরিত্রে। রাবণের চরিত্রে নাকি দেখা যাবে ‘কেজিএফ’ তারকা যশকে। বড় বাজেটের এই তারকাবহুল ছবিতে আর কে কে থাকছেন তা নিয়ে ভক্তদের মাঝে চলছে চর্চা।

এরই মধ্যে ‘রামায়ণ’ সিনেমায় সাই পল্লবী ও রণবীর কাপুরের বেশ কিছু লুক প্রকাশ্যে এসেছে। যা নিয়ে আলোচনা-সমালোচনাও কম হচ্ছে না। তবে সিনেমাটির বাজেট নিয়ে জোরালো চর্চা হচ্ছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। সিনেমাটির জন্য কত টাকা বাজেট নির্ধারণ করেছেন প্রযোজক আল্লু অরবিন্দ, মধু মান্টেনা আর নমিত মালহোত্রা তা যেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

এরই মধ্যে ‘রামায়ণ’ সিনেমায় সাই পল্লবী ও রণবীর কাপুর ও যশের বেশ কিছু লুক প্রকাশ্যে এসেছে। ছবি: সংগৃহীত

একটি সূত্রের বরাতে বলিউড হাঙ্গামার খবর, ‘রামায়ণ’ কেবল একটি সিনেমা নয়, এটি আবেগ। সিনেমাটিকে বিশ্বব্যাপী দর্শনীয় করে তুলতে সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্মাতারা। ‘রামায়ণ’ সিনেমার প্রথম পার্টের জন্য ৮২৫ কোটি রুপি বাজেট ধরা হয়েছে। যার অধিকাংশই ব্যয় হচ্ছে কাস্টিংদের পারিশ্রমিক ও সেট নির্মাণে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পৌরাণিক এই চলচ্চিত্রের প্রথম কিস্তির শুটিংয়ের জন্য মোট ১২টি বিশাল সেট নির্মাণ করা হয়েছে, যা দুটি অংশে বিভক্ত করা হয়েছে। এদিকে প্রথম ছবির শুটিং শেষ হয়েছে বলেও গুঞ্জন উঠেছে। জানা গেছে, ‘রামায়ণ’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজের জন্য ৬০০ দিন ব্যয় হবে। এর ভিএফএক্সের দায়িত্ব দেওয়া হয়েছে অস্কারজয়ী সংস্থা ডিএনইজিকে।

এদিকে এখন পর্যন্ত দশজন অভিনেতা আছেন যাদের নীতেশ তিওয়ারির রামায়ণের জন্য নিশ্চিত করেছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। এই তালিকায় রয়েছেন।

রণবীর কাপুর - ভগবান রাম
সাই পল্লবী - সীতা মা
যশ - রাবন
রবি দুবে - লক্ষ্মণ
সানি দেওল - হনুমান
ইন্দিরা কৃষ্ণন - কৌশল্যা
অরুণ গোভিল - দশরথ
লারা দত্ত - কৈকেয়ী
বিজয় সেতুপতি - বিভীষণ
শিবা চাড্ডা - মন্থরা

হিন্দি, তামিল, তেলেগু ছাড়াও আরও বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। বক্স অফিস বিশ্লেষক সুমিত জানিয়েছেন, ২০২৭ সালের অক্টোবরে মুক্তি পাবে ‘রামায়ণ’।

ইত্তেফাক/এসএ