ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৬:৪৫

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। 

রোববার (২৭ আগস্ট) এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ফুলবাড়ী উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।  

জানা যায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার অবৈধভাবে ক্ষমতার দাপট দেখিয়ে ৫ বছর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। তিনি নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিধিবর্হিভূতভাবে ৪ জন ল্যাব সহকারী নিয়োগ দিয়েছেন। প্রতিষ্ঠানের ভবন ভেঙে ইট বিক্রি, শিক্ষার্থীদের কাছে থেকে টাকা নিয়ে সরকারী বই বিতরণসহ কারিগরি শাখার ভর্তি নিয়ে টালবাহানা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়াও সহকারী শিক্ষক হিসেবে পদত্যাগ করার পরও অবৈধভাবে বেতনভাতা উত্তোলন, প্রতিষ্ঠানের সহকারী হিসাব রক্ষকের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই অবৈধভাবে নিয়োগ প্রদানের অভিযোগ রয়েছে।

বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, যেহেতু আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। কতৃপক্ষ তদন্ত করে যদি আমার বিরুদ্ধে কোনো ধরণের দুর্নীতি ও অনিয়মের সত্যতা পাওয়া যায়, তাহলে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত মেনে নেব।

ফুলবাড়ী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/পিও