বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ, কবি রকিব লিখনের ওপর হামলা

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ২২:২২

কোটা আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করায় কবি, জনপ্রিয় স্লোগান লেখক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রকিব লিখনের ওপর হামলার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ স্কুল এ্যান্ড কলেজে কর্মরত অবস্থায় তার ওপর হামলা করা হয়।

অভিযোগে ছয় শিক্ষককে আসামি করা হয়েছে। তারা হলেন, খণ্ডকালীন শিক্ষক মিরাজ হোসেন (৪২), কম্পিউটার অপারেটর সফিকুল ইসলাম সবুজ (৩৫) শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষক আসাদুজ্জামান (৪৫), ইংরেজির শিক্ষক বাহাদুর হোসেন (৪২), ইংরেজি শিক্ষক হারুন আর রশিদ (৫০), পদার্থ বিজ্ঞানের শিক্ষক সাজ্জাদ হোসেন (৪৮)।    

অভিযোগকারী রকিব লিখনের স্ত্রী শারমিন জানান, আমার স্বামীর চিৎকারে কলেজে কর্মরত অন্যান্য শিক্ষক ও স্টাফরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক আমার স্বামীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। আমার স্বামী হাসান মোহাম্মদ রকিবুল ইসলাম (রকিব লিখন) কিছুটা সুস্থ হয়ে ঘটনার বিষয়টি আমাকে জানালে পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেছি। 

ভুক্তভোগী কবি ও শিক্ষক রকিব লিখন বলেন, আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। আমার কলেজের অনেক শিক্ষক এটা পছন্দ করেন না। কোটা আন্দোলন নিয়ে আমি কবিতা লিখেছি। বৈষম্যবিরোধী আন্দোলনে স্লোগান লেখার কারণে তারা আমার ওপর ক্ষিপ্ত ছিল। এর আগেও একজন হিন্দু শিক্ষককে ধর্ম-অবমাননার মিথ্যা অভিযোগ দিয়ে এলাকা ছাড়া করেছে অভিযুক্ত শিক্ষক গং। হারুন আর রশিদ আগে আওয়ামী লীগ করলেও এখন জামায়াত নেতা বলে পরিচয় দেয়। কম্পিউটার অপারেটর সবুজ রোববারে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। শিক্ষক মিরাজ হোসেন কয়েকবার মারতে আসে। কিন্তু এই ঘটনায় কোনো বিচার না করে উল্টো ঘটনাকে ঘামাচাপা দেওয়ার চেষ্টা করে। আজ মিরাজের মমদে সকালে কলেজে ঢোকার সঙ্গে সঙ্গে আমার ওপর অতর্কিত হামলা করে। এই হত্যাচেষ্টার সঠিক বিচার চাই। 

হাসপাতালে চিকিৎসাধীন রকিব লিখন। পাশের লাঠি দিয়ে আঘাত করা হয়

নওয়াব হাবিবুল্লাহ স্কুল এ্যান্ড কলেজ অধ্যক্ষ মির্জা মাহমুদা বলেন, রোববারে তাদের ঝগড়া হয়। আজ সকালে আমি কলেজে উপস্থিত হওয়ার আগে হামলার ঘটনা ঘটে। আমি নিজেও অভিযোগ করতে থানায় গিয়েছিলাম। 

উত্তরা-পূর্ব থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, আমি এই থানায় নতুন যোগদান করেছি। অভিযোগ সম্পর্কে আমি এখনো অবগত নই। তবে আপনি যে অভিযোগের কথা বলছেন; ঐ অভিযোগ সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

ইত্তেফাক/পিও