সালাউদ্দিনকে স্বাগত জানাতে তোরণ-ব্যানার-পেস্টুনে ছেয়ে গেছে কক্সবাজার

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৩:০৩

দীর্ঘ একদশক দুই মাস ১৩ দিন পর বুধবার (২৮ আগস্ট) নিজ জেলা কক্সবাজারে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিএনপির শীর্ষ এ নেতাকে স্বাগত জানিয়ে তোরণ-ব্যানার-পেস্টুনে কক্সবাজারের সড়ক-উপসড়ক ছেয়ে ফেলেছেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী জানিয়েছেন, সালাউদ্দিন আহমদকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রিয় নেতাকে এক নজর দেখতে উন্মুখ হয়ে আছে জেলার সাধারণ মানুষ। আমরা আশা করছি লোকে লোকারণ্য হবে কক্সবাজার শহর।

এদিকে, সালাউদ্দিন আহমদ এর আগমন উপলক্ষে মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে কক্সবাজার শহরে মিছিল করেছে জেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা বিএনপির কার্যালয় থেকে পৃথক মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানিয়েছেন, কক্সবাজার বিমান বন্দর থেকে সরাসরি আগুনে পুড়ে যাওয়া বিএনপি কার্যালয় পরিদর্শন করবেন সালাউদ্দিন আহমদ। সেখান থেকে সড়ক পথে যাবেন চকরিয়ায়। সেখানে দুপুর দুইটায় চকরিয়া উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। এরপর নিজ গ্রাম পেকুয়ায় উপজেলা বিএনপি আয়োজিত আরেকটি গণসংবর্ধনায় যোগ দিবেন সালাউদ্দিন আহমদ।

তিনি আরও বলেন, এবারের সফরে সালাউদ্দিন আহমদ সপ্তাহখানেক কক্সবাজারে অবস্থান করবেন। এই সময়ে তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত, তাদের কবর জিয়ারত এবং বিগত ১৬ বছরে স্বৈরাচারী সরকারের নির্যাতন-নিপীড়নে নিষ্পেষিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৪ জুন কক্সবাজারে রাজনৈতিক সমাবেশ শেষ করে ঢাকায় ফিরে যান সালাউদ্দিন আহমদ। ২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন তিনি। পরে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ‘উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা’ করার সময় ওই বছরের ১১ মে তাকে আটক করে শিলং পুলিশ। তার নামে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়। এর আগে একই বছর ১০ মে রাতে রাজধানীর উত্তরা এলাকার একটি আবাসিক ভবন থেকে সালাউদ্দিন আহমদকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়।

ইত্তেফাক/এসজেড