৯ বছর ধরে আখিলা নদীর মাঝখানে লোহার পিলার

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৪:৪১

পুরাতন ব্রিজ ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণ করার সময় বিকল্প সড়ক যোগাযোগের জন্য নদীর মাঝখানে লোহার পিলার পুঁতে ভ্রাম্যমান ব্রিজ নির্মাণ করা হয়। দক্ষিণপাশের লোহার পিলারগুলো তুলে ফেলা হলেও নদীর মাঝখানে উত্তর পাশে লোহার পিলারগুলো ৯ বছর ধরে নদীর মাঝখানে ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে। সড়ক ও জনপদ বিভাগের সড়কে নতুন করে পাকা ব্রিজ নির্মাণ করা হয় ২০১৬ সালে।

জানা গেছে, ময়মনসিংহের ফুলবাড়ীয়া সড়কের ফুলবাড়ীয়া উপজেলা সদরের ভালুকজান নামক স্থানে আখিলা নদীর উপর পুরাতন ব্রিজ ভেঙ্গে নতুন পাকা ব্রিজ নির্মাণ করা হয় ২০১৬ সালে। আখিলা নদীটি মুক্তাগাছা উপজেলার আয়মন নদী হয়ে ব্রক্ষপুত্র নদে গিয়ে মিশেছে। বর্যাকালে এখনো নৌকা চলে নদী দিয়ে। নদীর মাঝখানে লোহার পিলারগুলো থাকায় যে কোন সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। 
 
নদীর তীরবর্তী বাসিন্দা জাহিদ জানান, ব্রিজ নির্মাণ করার সময় নদীর মাঝখানে ভ্রাম্যমাণ ব্রিজ তৈরি করা হয়। নতুন করে পাকা ব্রিজ নির্মাণ কাজ শেষ হলেও নদীর মাঝখানে পুঁতে রাখা লোহার পিলারগুলো ৯ বছরেও সরানো হয়নি। এতে যে কোন সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। 

কাণ্ডজ্ঞানহীন দায়সাড়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে নদীর মাঝখান থেকে লোহার পিলারগুলো কবে নাগাদ অপসারণ করা হবে তা জানতে চান নদীর দুপাড়ের মানুষ।

এ ব্যাপারে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে নদীর মাঝখান থেকে লোহার পিলারগুলো অপসারণ করা হবে।

ইত্তেফাক/এসজেড