নরসিংদী জুড়ে সমালোচনা

সকালে মামলা বিকালে প্রত্যাহার

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৭:০০

সরকার পরিবর্তনের পর সারা দেশের ন্যায় নরসিংদীতেও বিভিন্ন বিষয়ে ব্যাপক পরিবর্তন, পরিবর্ধন এবং আলোচনা-সমালোচনার ঘটনা ঘটছে। এর মধ্যে নরসিংদীর শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তি এবং শিল্পপতিদের নামে বিভিন্ন অভিযোগে আদালতে মামলা দাখিলের কয়েক ঘণ্টা যেতে না যেতেই সেই মামলার অভিযোগ রহস্যজনক কারণে প্রত্যাহার করে নেওয়ার ঘটনা ঘটছে।

এমনই একটি আলোচিত, সমালোচিত ঘটনা গতকাল বুধবার নরসিংদীর আদালত প্রাঙ্গণে ঘটেছে। নরসিংদীর শীর্ষ পর্যায়ের দু’জন শিল্পপতির নামে সকালে মামলা হয়েছে এবং এই মামলা দুপুরে বিভিন্ন প্রক্রিয়া সমঝোতার মাধ্যমে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। এই দুই শীর্ষ শিল্পপতিদের মধ্যে এক জন হলেন নরসিংদীর শিবপুরের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা বিশিষ্ট শিল্পপতি আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা এবং অপর জন হলেন থামেক্স গ্রুপের মালিক বিশিষ্ট শিল্পপতি আব্দুল কাদির মোল্লা। এ দুজন নরসিংদীর শীর্ষ পর্যায়ের শিল্পপতিদের মধ্যে অন্যতম।

এই দুই শীর্ষ ব্যক্তির নামে গতকাল বুধবার সকাল থেকেই আদালতপাড়ায় ব্যাপক আলোচনা এবং সমালোচনা দেখা দেয়। এর কারণ হলো—এই দুই ব্যক্তির নামে সকালে একটি হত্যা মামলাসহ আগুন দিয়ে গাড়ি পুড়ানোর অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে শিবপুরের ভরতেরকান্দী এলাকার মো. আরিফ আহমেদ নামে এক ব্যক্তি বাদী হয়ে শিল্পপতি সিরাজুল ইসলাম মোল্লা, সাবেক এমপি আওয়ামী লীগ নেতা জহিরুল হক ভূইয়া মোহন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নরসিংদীর আওয়ামী লীগের বিভিন্ন পদধারী মোট ৪৫ জনকে আসামি করে নরসিংদীর শিবপুর সিআর আমলি আদালতে একটি মামলার এজাহার দাখিল করেন। শিল্পপতি আব্দুল কাদির মোল্লার নামে অপর একটি হত্যা মামলা দায়ের করেন মাধবদীর রুবিনা আক্তার নামে এক মহিলা। এই মামলায় আরও একাধিক ব্যক্তির নামে আসামি করা হয়।

এই মামলা দুটি আদালতে দাখিলের পর দুপুর হওয়ার আগেই নরসিংদী শহর জুড়ে জনমুখে ছড়িয়ে পড়ে। আদালতপাড়ায় ব্যাপক গুঞ্জন, আলোচনা, সমালোচনা শুরু হয়। কিন্তু রহস্যজনক কারণে মামলা দায়ের করার ঘণ্টা তিনেক পরেই মামলা দুটি প্রত্যাহার করার খবর ছড়িয়ে পড়ে। কিন্তু কী কারণে সকালে মামলার এজাহার দাখিল করে দুপুরেই মামলা প্রত্যাহার করা হচ্ছে, তার কোনো সুনির্দিষ্ট কারণ কেউ বলতে পারছেন না। আদালতের আইনজীবীরাও এ বিষয়ে মুখ খুলতে নারাজ। এছাড়া এই শীর্ষ শিল্পপতি ছাড়াও গত কয়েক দিনে অন্যান্য ব্যক্তিদের নামে আরও ৮-১০টি মামলা দায়েরের ঘটনা ঘটেছে, যা দায়ের করার কয়েক ঘণ্টার মধ্যেই সমঝোতার মাধ্যমে প্রত্যাহার করা হয়েছে।

এর মধ্যে নরসিংদীর বর্তমান জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের নামেও বিভিন্ন অভিযোগে এজাহার দাখিল করা হয়েছিল। আর এই মামলা হওয়ার সঙ্গে সঙ্গে রহস্যজনক কারণে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এসব ঘটনার বিষয়ে জানতে চাইলে নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম বলেন, বাদী মামলা আদালতে দাখিল করে এবং বাদীই আবার মামলা প্রত্যাহার করে নেয়। এতে সভাপতি হিসেবে আমার কিছু করার থাকে না।

ইত্তেফাক/এমএএম