চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন অনন্যা আবাসিক এলাকার অক্সিজেন সড়কে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তের গুলিতে দুই জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে অনন্যা আবাসিক সংলগ্ন নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামি থানার ওসি সঞ্জয় সিনহা।
নিহত একজনের নাম মো. আনিস (৩৮)। তিনি হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকার ওসমান আলী মেম্বারের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে। অপরজন হলেন মাসুদ কায়ছার (৩২)। তিনি হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ এলাকার মৃত মো. রফিকের ছেলে।
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন আনিস ও মাসুদ কায়ছার। সড়কের নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বায়েজিদ বোস্তামি থানার ওসি সঞ্জয় সিনহা বলেন, নাহার গার্ডেনের সামনে দুর্বৃত্তের ছোড়া গুলিতে দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী নিয়ে এ হত্যাকাণ্ড, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। কারা এ ঘটনায় জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
