গণতন্ত্র প্রতিষ্ঠায় সবার মানসিকতার পরিবর্তন দরকার: দুদু

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ২২:১৫

গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলের মন-মানসিকতার পরিবর্তনের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি সাংবিধানিক প্রতিষ্ঠানসহ দেশের সিভিল ও পুলিশ প্রশাসনে কর্মরতদের উদ্দেশ্যে বলেন, এতদিন শেখ হাসিনার নির্দেশে চাকরি হারানোর ভয়ে আপনারা কাজ করেছেন। এখন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে হবে। এছাড়া আমরা ভালো কিছু করতে পারব বলে আমার মনে হয় না।

শুক্রবার (৩০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি সব মামলা ও সাজা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আয়েজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন এ কর্মসূচির আয়োজন করে। 

বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ভোট ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব। সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক ধারায় ফিরতে সংবিধান অনুযায়ী জাতিকে নির্বাচনের মুখোমুখী করতে হবে। 

তিনি আরও বলেন, এ দেশ আমাদের। এই দেশে সবকিছু আমাদেরই রক্ষা করতে হবে। চারপাশে কিছু দুষ্কৃতকারী চাঁদাবাজি করার চেষ্টা করছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, যারা চাঁদাবাজি করবে, যারা দুষ্কৃতকারী, তাদের আইনের হাতে তুলে দেন। এই জায়গায় কোনো আপোষ করা যাবে না। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে, রাজনৈতিক স্বার্থে তাদের কোনো ছাড় নেই। 

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেনের  সঞ্চালনায় অন্যের মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন। 

ইত্তেফাক/জেডএইচডি