ইরাকে মার্কিন বাহিনীর যৌথ অভিযান, আইএসের ১৫ সদস্য নিহত 

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৫:৩৪

ইরাকে যৌথ অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। ইরাকের নিরাপত্তা বাহিনীর সঙ্গে মার্কিন বাহিনীর এই যৌথ অভিযানে জঙ্গিগোষ্ঠী আইএসের ১৫ সদস্য নিহত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে, বৃহস্পতিবার ভোরে তারা ইরাকের পশ্চিমাঞ্চলে যৌথ অভিযান চালিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, অ্যামেরিকান এবং ইরাকি বাহিনী বহু অস্ত্র, গ্রেনেড, বিস্ফোরক এবং আত্মঘাতী বেল্টসহ সজ্জিত আইএস সদস্যদের মুখোমুখি হয়েছে। এতে কোনো বেসামরিক লোক হতাহত হয়নি। 

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের মিডিয়া বলছে, সাতজন মার্কিন সেনা আহত হয়েছে। তবে এনিয়ে সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে কিছু বলা হয়নি। 

এর আগে ইরানি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গুহা ও মরুভূমিতে আইএসের আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইরাকে আনুমানিক দুই হাজার ৫০০ মার্কিন সেনা রয়েছে। 

ইত্তেফাক/এসআর