হবিগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৬

হবিগঞ্জের লাখাই উপজেলায় পানিতে ডুবে পাখি আক্তার (৮) ও মাইশা আক্তার (৬) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। 

শনিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার বামৈ গ্রামের পূর্ব বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পাখি ও মাইশা ওই গ্রামের রমিজ মিয়ার মেয়ে। 

জানা যায়, দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় দুই বোন। এক পর্যায়ে সবার অগোচরে দুজনই পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় ধরে তাদেরকে না পেয়ে খোঁজাখুজি করেন স্বজনরা। পরে পুকুর থেকে পাখি আক্তার ও মাইশা আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ওই দিন বাদ মাগরিব জানাজার নামাজ শেষে তাদেরকে দাফন করা হয়। 

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু খয়ের বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন। 

বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুখ জানান, এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

 

ইত্তেফাক/এসজেড