সাবেক এমপি ফজলে করিমের বাড়ি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৬

চট্টগ্রামের রাউজানে ইউসুফ মিয়া নামে এক বৃদ্ধর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস সংলগ্ন সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বাগানবাড়ির পূর্বপাশের একটি পরিত্যক্ত কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চট্টগ্রামের রাউজানে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর অরক্ষিত বাগান বাড়ি হতে মো.ইউসুফ মিয়া (৬৫) নামে প্রাক্তন এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস সংলগ্ন এই বাগান বাড়ির পূর্বপাশে রাউজান খাল দখল করে ঘরে উঠা গরুর খামার ঘর হতে রক্তাক্ত লাশ উদ্ধার হয়। নিহত ইউসূফ রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আবদুল শুক্কুর মিয়ার বাড়ির প্রয়াত শামসু মিয়ার বড় ছেলে।

নিহতের ছোট ভাই মহিউদ্দিন বলেন, গতকাল (শনিবার) দুপুরে ফোন পেয়ে ঘর হতে বের হন বড় ভাই ইউসুফ। বেলা গড়িয়ে গেলে বাড়ি না ফেরায় এই বাগান বাড়িসহ সব জায়গায় খোঁজাখুঁজি করি। শনিবার রাত দুটো পর্যন্ত খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ি ফিরি। পরের দিন (রোববার) সকালে জানতে লাশ সাবেক এমপি ফজলে করিমের বাগান বাড়িতে পাওয়া গেছে। আমরা ৩ ভাই ৫ বোনের মধ্যে ইউসুফ সবার বড়। তার এক ছেলে ৩ মেয়ে রয়েছে। সবাই বিবাহিত। মেয়ে বিয়ের জন্য একটি এনজিও হতে কিছু ঋণ নিয়েছিল। ঋণের কিছু চাপ ছিল। তবে, তিনি ঋণের কারণে আত্মহত্যা করে নি। তাকে কেউ মেরে ফেলেছে। পুলিশ জানিয়েছে তার মরদেহের মাথা, বাম হাত ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। 

তিনি আরও জানান, নিহত ইউসুফ আগে মধ্যপ্রাচ্যে ছিলেন। সেখান হতে ফিরে প্রায় তিন বছর সাবেক ফজলে করিমের বাগান বাড়িতে চাকরি করেন। বছরখানেক আগে চাকরি ছেড়ে চাষাবাদ করেন। আজ (রোববার) বাদে এশা ময়নাতদন্তের শেষে গফুর আলী বোস্তামী (রহ.) এর দরগাহ ময়দানে তার জানাজা লাশ সামাজিক কবরস্থানে দাফন করা হবে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর বাগান বাড়ির একটি পরিত্যক্ত ঘর হতে একটি মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছি। এই বিষয়ে নিহতে ছেলে একটি এজহার দায়ের করেছেন।

ইত্তেফাক/এমএএম