ঝালকাঠিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩

ঝালকাঠির নলছিটিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক সুমন দেবনাথ (৫০) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের উপজেলার ষাটপাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুমন দেবনাথ ঝালকাঠি সদর উপজেলার পূর্ব চাঁদকাঠি এলাকার মৃত জিতেন্দ্র দেবনাথের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, সুমন দেবনাথ মোটরসাইকেল চালিয়ে বরিশাল থেকে ঝালকাঠি যাওয়ার সময় সোমবার দিবাগত রাত ১২টার দিকে ষাটপাকিয়া এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা খাম্বাভর্তি একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

 

ইত্তেফাক/এসজেড